অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ মার্চ: ভাগ্নে তৃণমূল প্রার্থী, আর মামা দাঁড়িয়েছেন পদ্ম শিবির থেকে। মামা ভাগ্নের লড়াই জমে উঠেছে ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভায়। ভাগ্নে দুলাল মুর্মু তৃণমূলের ২ বারের বিধায়ক বর্তমানে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতিও তিনি। মামা বকুল মুর্মু গতবার বিজেপি থেকে দাঁড়িয়েছেন, কিন্তু প্রায় চুয়াল্লিশ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন ভাগ্নে দুলালের কাছে। এবারও মামাকে হারানোর ডাক দিয়েছেন দুলাল মুর্মু।

শুক্রবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুর ২নং ব্লকের কুলিয়ানা, ৪ নং অঞ্চলের আগড়বনি, মালিঞ্চা সহ একাধিক গ্রামে তৃণমূলের প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে মিছিল করে তৃণমূল। পরে প্রার্থী দুলাল মুর্মু খড়পড়িয়াতে একটি ছোটো সভায় যোগ দেন। সেখানে দুলাল মুর্মু বলেন, গত বিধানসভা ভোটের মতো এই বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী বকুল মুর্মুকে হারাব। মামা এবারও জিততে পারবে না। তবে এ বিষয়ে নিয়ে বিজেপি প্রার্থী বকুল মুর্মুকে ফোন করা হলে তার ফোন বন্ধ ছিল।

