জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: বসন্ত উৎসবের ব্যস্ততার মাঝখানে এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ তার জেঠুকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের বলরামপুর গ্রামে। অভিযুক্তর যোগ্য শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গ্রামের মন্দিরে পুজো এবং বসন্ত উৎসবে যখন সবাই মেতে উঠেছে সেই সময় ছ’ বছর বয়সী ভাইঝিকে শ্লীলতাহানীর চেষ্টা করে অভিযুক্ত জেঠু অনুপ মল্লিক।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার সময় মন্দির প্রাঙ্গণে সকলে আনন্দ উৎসবে মেতে থাকায় ভাইঝিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। কিছুক্ষণ পর মেয়েটির মা খোঁজাখুঁজি শুরু করলে পাড়ার কয়েকজন মহিলা জানান, তাকে তার জেঠু অনুপ তাদের বাড়িতে নিয়ে গেছে। অনুপের বাড়িতে গিয়ে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখে মেয়েটির মা চিৎকার করে উঠলে পাড়ার লোকজন ছুটে যান। অভিযুক্ত অনুপকে হাতেনাতে ধরে ফেলেন তারা। এরপর সবং থানায় ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে অনুপকে গ্রেফতার করে। অভিযুক্তর চরম শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

