অনিশ্চয়তা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও, স্থগিত সাংবাদিক বৈঠক

রাজেন রায়, কলকাতা, ২ জুন: সোমবারই সিবিএসসি এবং আইসিএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করেছে কেন্দ্র। আজ বুধবার ঘোষণা হওয়ার কথা ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। কিন্তু আচমকাই আজ দুপুর ২টোয় ডাকা সাংবাদিক বৈঠক স্থগিত করে দেওয়া হল। কবে দিন ঘোষণা হবে তা জানানো হয়নি পর্ষদ এবং শিক্ষা সংসদের পক্ষ থেকে।

মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন জুলাই মাসের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা হবে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু আজ পরীক্ষার সূচি ঘোষণা করার থাকলেও সেই সাংবাদিক বৈঠক স্থগিত করা হয়েছে।

সূত্রের খবর,করোনা পরিস্থিতি ভয়াবহতা কমলেও এখনও তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। তাই এই পরিস্থিতিতে কীভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা নিয়ে এক্সপার্ট কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সেই কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটিতে রয়েছেন পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা, চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞরাও। তাঁরাই ঠিক করবেন কীভাবে হবে পরীক্ষা। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *