মেদিনীপুরে অটুট রাজনৈতিক সৌজন্যতা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: ভোট যুদ্ধে পরস্পর প্রতিদ্বন্দী হলেও প্রার্থীদের মধ্যে রাজনৈতিক সৌজন্যতা আজও অমলিন রয়েছে মেদিনীপুরে।

সোমবার সন্ধ্যার পর মেদিনীপুরের ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার চালানোর সময় বিজেপি প্রার্থী অরূপ দাস পৌঁছে যান প্রবীণ কংগ্রেস প্রার্থী শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে। দরজায় টোকা মারতেই বেরিয়ে আসেন তাঁর স্ত্রী। বিজেপি প্রার্থী তাকে সটান পা ছুঁয়ে প্রণাম করে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, বৌদি এবার প্রথম প্রার্থী হয়েছি, ভোটটা কিন্তু আমার চাই। এই সময় সামনে এসে দাঁড়ান বাড়ির কর্তা কংগ্রেস প্রার্থী শম্ভুবাবু। তার মুখটির দিকে এক পলক তাকিয়ে মিষ্টি হেসে গৃহকর্ত্রী বললেন, ভাই ঘরের মানুষটি প্রার্থী না হলে বলতে হতো না।

স্ত্রীর কথা শুনে হেসে উঠলেন কর্তা। তরুণ বিজেপি প্রার্থী তাকেও প্রণাম করে কুশল বিনিময় করলেন। অগ্রজের মতই অরূপের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন বিদায়ী কংগ্রেস কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং বর্তমান প্রতিদ্বন্দী শম্ভুনথ চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *