হিসেব দিতে না পেরে মুখ্যমন্ত্রী মুখ না দেখিয়ে পা দেখাচ্ছেন: দিলীপ ঘোষ

কুমারেশ রায়, অামাদের ভারত, মেদিনীপুর, ২৬ মার্চ: ১০ বছর আগে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতায় এসেছিল। তারপরে আবার আপনারা ৫ বছরের জন্য এই সরকারকে নির্বাচিত করেছিলেন। এখন হিসেব দিতে না পেরে মুখ্যমন্ত্রী মুখ দেখাচ্ছেন না, তাই তিনি পা দেখাচ্ছেন। দাসপুরের জ্যোত ঘনশ্যামে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী প্রশান্ত বেরার সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন।

তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে বলেন, লকডাউনের সময় মানুষ বিনা পয়সায় চাল ডাল পেয়েছে। তৃণমূল সরকার দু’টাকা কিলো চাল দিয়ে ব্যবসা করেছে। প্রতি কিলোতে এক টাকা লাভ করছে। গ্রামের দিকে এখনো অনেক মহিলা কাঠের জ্বালানিতে রান্না করেন, তাদের কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনা পয়সায় উজ্বলা প্রকল্পে গ্যাস সংযোগ দিয়েছেন বাড়িতে বাড়িতে। তার সাথে তিনটি সিলিন্ডার ফ্রি দিয়েছেন। পৃথিবীর কোনও দেশে এরকম উন্নয়নের নজির নেই। আর এখানে তৃণমূল সরকার কয়লা চুরি করছে, বালি চুরি করছে, এমনকি আমফানের ত্রাণের চাল পর্যন্ত বাংলাদেশে পাচার করছে। পাচারের টাকা তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে ঢুকেছে।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, এবার এই সরকারকে টা টা করতে হবে। চুপচাপ নয়, জোর কদমে পদ্মফুলে ছাপ দিতে হবে। ভোট দিয়ে এসে তারপরে চা এবং নাস্তা খাবেন। কোনও বাপের বেটার ক্ষমতা নেই আপনাদের চোখ রাঙায়। তিনি বলেন, আপনাদের ঘরের ছেলে প্রশান্ত বেরা এইখানে থেকে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *