ইন্ডাস্ট্রির জন্য ভাল করতে না পেরে এবার বিজেপি ছাড়ছেন অনিন্দ্য

রাজেন রায়, কলকাতা, ৪ আগস্ট: বিধানসভা ভোটের ফলাফল বেরিয়ে যাবার মাস চারেক পরেও বিজেপিতে রক্তক্ষরণ অব্যাহত। মুকুল রায় বাবুল সুপ্রিয়র পর এবার বিজেপি ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় গেরুয়া মন্ত্রে দীক্ষিত হলেও তিন বছরেই রাজনৈতিক মোহভঙ্গ হয়েছে তার এমনটাই জানাচ্ছেন তিনি।

বিজেপি ছাড়ছেন নিশ্চিতভাবে জানিয়ে পরিষ্কার বলেছেন, নামের আগে আর ‘বিজেপি নেতা’ শব্দটা ব্যবহার করতে ইচ্ছুক নন। তিনি সাফ জানান, “ভেবেছিলাম ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে পারব। ইন্ডাস্ট্রির অন্দরে দিনের পর দিন অনেক অন্যায় দেখেই প্রতিবাদ করার জন্য গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলাম। আশা ছিল, আরও ভাল কাজ হবে বাংলা সিনেজগতে। কিন্তু সেই সুযোগই দিল না বিজেপি।”

তিনি বলেন, “মদন মিত্র-সহ আরও বিধায়কদের যখন গ্রেফতার করা হয়েছিল, সেটা নিয়ে প্রতিবাদ করায় বঙ্গ বিজেপিরই প্রথম সারির বেশ কয়েকজন নেতার বিরাগভাজন হয়েছি। রাজনৈতিক ময়দান হোক কিংবা ব্যক্তিগত জীবন আত্মসমীক্ষা করাটা বেজায় জরুরি।” তাঁর আত্মসমীক্ষা, “ভারতীয় জনতা পার্টি কখনও বাংলার আবেগটাই বোঝার চেষ্টা করেনি। বিহার কিংবা উত্তরপ্রদেশে যে রাজনীতি চলে, বাংলার মানুষের কাছে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। ” তবে তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কি না তা নিশ্চিত করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *