আমাদের ভারত, ২৪ আগস্ট: চুড়ান্ত অশান্ত এখন
আফগানিস্তান। তার মধ্যেই আবার শোনা যাচ্ছে কাবুলে আটকে থাকা ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে যাওয়া বিমান অপহৃত হয়েছে। অজ্ঞাত পরিচয় জঙ্গিরা যাত্রীসহ বিমানটিকে ইরানে নিয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপবিদেশ মন্ত্রী। তবে ইরান তা অস্বীকার করে জানিয়েছে, ইউক্রেনের বিমানটি জ্বালানি ভরতে নেমেছিল। জ্বালানি ভরে সেটি আবার ইউক্রেনে উড়ে যায়। তালিবানরাও এই অপহরণের কথা স্বীকার করেনি।
মঙ্গলবার এই অপহরণের খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী ইয়েনিন। তার কথায়,” গত রবিবার আমাদের বিমানটিকে অপহরণ করে কয়েকজন। আজ বিমানটি সম্পূর্ণভাবে ছিনতাই করে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়। কাবুল থেকে যাদের ফেরানো হচ্ছিল তাদের কয়েকজন ওই বিমানে ছিলেন। এই বিমান অপহরণের জন্য আমাদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।”
বিমানটিতে মোট ৮৩ জন যাত্রী ছিল বলে শোনা যাচ্ছে। ইউক্রেনের বিদেশ উপমন্ত্রী আরও জানিয়েছেন অপহরণকারীরা সশস্ত্র ছিল। অপহরণের পর ঠিক কি ঘটেছে সে সম্পর্কে কোন ধারণা স্পষ্ট হচ্ছে না। তবে অনুমান যাত্রী সেজে বিমানে উঠেছিল অপহরণকারীরা।
রাডারের সংকেত অনুযায়ী ইরানে নিয়ে যাওয়া হয়েছে বিমানটিকে বলে দাবি করেছে ইউক্রেন। আন্তর্জাতিক নীতি মেনে সর্বস্তরের যোগাযোগ করা হচ্ছে ইউক্রেনের তরফে। যে কোন ভাবেই বিমানটিকে ফিরিয়ে আনার মরিয়া প্রয়াস চালাচ্ছে তারা। যদিও ইরান দাবি করেছে বিমানটির জ্বালানি ভরার জন্য সেখানে নেমেছিল। পরে আবার সেটি ইউক্রেনের ফিরে গেছে।
তবে কারা এই বিমান অপহরণ করলো? রবিবার বিমান অপহৃত হলে সেটা কেন মঙ্গলবার প্রকাশ্যে আনা হলো? এমন একাধিক প্রশ্ন উঠেছে এই ঘটনায়।

