আমাদের ভারত, ৮ অক্টোবর:যারা কোভিশিল্ড ভ্যাক্সিন নিয়েছেন তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। মোদী সরকারের চাপে পড়েই কোভিড বিধি শিথিল করতে বাধ্য হলো ব্রিটেন। ব্রিটেনের রাষ্ট্রদূত জানিয়েছেন ১১ অক্টোবর অর্থাৎ সোমবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী যেসব ভারতীয়রা কোভিশিল্ডের দুটি ডোজ নিয়েছেন তাদের ব্রিটেনে গিয়ে নিভৃতবাসে থাকতে হবে না।
যেসব ভারতীয়রা কোভিশিল্ড অথবা ব্রিটেনে ছাড়পত্র পাওয়া যে কোন ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন,তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। সোমবার থেকেই এই নিয়ম চালু হচ্ছে ব্রিটেনে।
কোভিশিল্ডের মান্যতা নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল ভারত ও ব্রিটেনের মধ্যে। ব্রিটেন প্রথমদিকে জানিয়েছিল জোড়া টিকা নেওয়া থাকলেও ভারত থেকে আসা যাত্রীদের অন্তত দশ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপরই পাল্টা ভারত ও ব্রিটেন থেকে আসা যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে চাপে পড়ে ব্রিটেনের তরফে কোভিড বিধি শিথিল করা হলো ভারতীয়দের জন্য। ভারতে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনার এলিস বলেন, ১১ অক্টোবর থেকে কোভিশিল্ড বা ব্রিটেনের অনুমোদিত যে অন্য কোন ভ্যাকসিন নিয়ে সেখানে ভারতীয় ভ্রমণকারীরা গেলে কোয়ারেন্টিনে থাকার দরকার নেই। একইসঙ্গে বাধ্যতা মুলক করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়ার নিয়মও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

