সাঁড়াশি দিয়ে দাঁত উপড়ে নেওয়ার হুমকি মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূল নেতা পার্থর

আমাদের ভারত, ২২ অক্টোবর: তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবার পর থেকেই প্রায় সারাক্ষণই আক্রমণাত্মক মুডেই দেখা গেছে প্রয়াত কমল গুহর ছেলে উদয়ন গুহকে। দিনহাটার বিধায়ক কয়েকদিন আগেই হাঁটু ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছিলেন। এবার তার গলায় শোনা গেল সাঁড়াশি দিয়ে দাঁত উপড়ে নেওয়ার হুঁশিয়ারি।

কোচবিহারে তৃণমূলের বিজয়া সম্মেলন ছিল। সেখানে উদয়নের আগে ভাষণ দেয় প্রাক্তন সংসদ তথা জেলা সভাধিপতি পার্থ প্রতিম রায়। সেই বক্তৃতাটিতে পার্থ বলেন, পঞ্চায়েত নির্বাচনে যদি কেউ সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে তবে তার দাঁত উপড়ে ফেলে দেওয়া হবে। পার্থর পর বক্তৃতা দিতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
উদয়ন গুহ তৃণমূল কর্মীদের বলেন, কি দিয়ে দাঁত উপড়ে ফেলতে হবে সেই জিনিসের হদিশ দেন। তার পরামর্শ সাঁড়াশি দিয়ে দাঁত উপড়ে ফেলতে হবে।

উদয়ন পার্থদের পাল্টা দিতে গিয়ে, বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, কোচবিহারে মানুষ তৃণমূলের দাঁত উপড়ে ফেলে দিয়েছে। লোকসভা বিধানসভায় সেটা দেখা গেছে। পঞ্চায়েতের আগে যে কয়েকটা গাছা আছে, তাদের অক্সিজেন দিতে এসব বলছেন উদয়ন বাবুরা।

কয়দিন আগে উদয়ন বাবু বলেছিলেন, “যে আমার গলায় পা দিয়ে দাঁড়াতে চায়, তার হাটু ভাঙ্গার অধিকার আছে‌। আমার সহকর্মী বুকে পা তুলতে চাইলে হাঁটুভাঙ্গার অধিকার আছে। যদি আমরা সেটা করতে না পারি, তাহলে বুঝতে হবে বিজেপির সঙ্গে আমাদের একটা তলে তলে লাইন আছে। সেজন্য সবাইকে শক্তি সঞ্চয় করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *