ডেবিট কার্ড দেওয়ার নাম করে ক্রেডিট কার্ড দিয়ে প্রতারণার অভিযোগ বীরনগরের ইউকো ব্যাঙ্কের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ ডিসেম্বর: এবার ডেবিট কার্ড দেওয়ার নাম করে ক্রেডিট কার্ড দিয়ে প্রতারণার অভিযোগ বীরনগরের ইউকো ব্যাঙ্কের বিরুদ্ধে। প্রতারণার শিকার বিরনগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী বিশ্বাস। বিরনগরের ইউকো ব্যাঙ্কের গ্রাহক শ্যামলী বিশ্বাস ও তার ছেলে সুব্রত বিশ্বাস গত ২০২০ সালে একটি জয়েন্ট অ্যাকাউন্ট করেছিলেন। তারপরেই ব্যাঙ্ক থেকে ফোন আসে তাদের ডেবিট কার্ড দেওয়া হবে। এরপরেই ব্যাঙ্ক থেকে তাদেরকে ডেবিট কার্ডের বদলে ক্রেডিট কার্ড ধরিয়ে দেওয়া হয়। তাদের অজান্তেই ওই কার্ড বাড়ি নিয়ে এসে বিপত্তিতে পড়েন তারা।

তারপর থেকেই তার অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় বেশ কয়েক হাজার টাকা কেটে নেওয়া হয়। ক্রেডিট কার্ড দেওয়া হলেও তিনি তার এখনো পর্যন্ত চার সংখ্যার পিন নাম্বার নিজেও অ্যাক্টিভেট করেননি, তা সত্ত্বেও প্রথমে ২০২১ সালে ৩০০০ টাকার মতো কেটে নেওয়া হয়। টাকা কাটবার মাত্রই ব্যাঙ্কে গিয়ে অভিযোগ জানান কার্ডটি বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু ব্যাঙ্ক তা বন্ধ না করে চালু রাখেন তার ক্রেডিট কার্ড। উপরন্তু ২০২২ সালে পুনরায় ৩০০০ এবং পরে তিরিশ হাজার টাকা কেটে নেয়া হয়। ব্যাঙ্কে পুনরায় অভিযোগ জানানোর পর ক্রমাগত টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে, যা শুনে রীতিমতো হতাশ বিশ্বাস পরিবার। বাধ্য হয়ে তাহেরপুর থানায় অভিযোগ জানিয়েছেন তারা।

ব্যাঙ্ক ম্যানেজার লোপা রায় বসু জানান, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ওনাদের একটি মেল আমরা পেয়েছি আমি হেড অফিসের সাথে কথা বলেছি। ওনাদের মেইলে জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *