কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামার আবেদন জানাতে সাইকেল চেপে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা চলেছেন দীনহাটার দুই যুবক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ জুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একশো দিনের কাজের টাকা রাজ্যকে না দেওয়ার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামার আবেদন জানাতে কোচবিহার থেকে কালীঘাটে সাইকেলে চেপে দেখা করতে চলেছেন দুই যুবক। ৬ জুন কোচবিহারের দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে বৃহস্পতিবার রায়গঞ্জে এসে পৌঁছলেন দিনহাটার দুই সাইকেল আরোহী যুবক রানা বণিক ও পার্থ কর্মকার।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ১১ বছরে রাজ্যের প্রভূত উন্নয়ন করেছেন। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার রান্নার গ্যাস সহ পেট্রোল, ডিজেলের দাম ক্রমশই বাড়িয়ে চলেছে। বন্ধ করে দিয়েছে গ্রামের গরিব খেটে খাওয়া মানুষের একশো দিনের কাজের টাকা দেওয়াও। একদিকে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এর পাশাপাশি একশো দিনের কাজের টাকা দেওয়া বন্ধ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং মুখ্যমন্ত্রীকে এর বিরুদ্ধে তীব্রতর আন্দোলন গড়ে তুলতে আবেদন জানাতে সুদূর কোচবিহারের দিনহাটা থেকে কালীঘাট পর্যন্ত সাইকেল যাত্রা শুরু করেছেন দিনহাটার বাসিন্দা দুই বন্ধু রানা বনিক ও পার্থ কর্মকার। গত ৬ জুন দিনহাটা থেকে তাঁরা তাঁদের সাইকেল যাত্রা শুরু করেছেন। বৃহস্পতিবার এই দুই যুবক এসে পৌঁছান
উত্তরদিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে। তাঁদের গন্তব্য কলকলাতায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সাথে দেখা করা।

সাইকেল আরোহী রানা বনিক জানালেন, এই ১১ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন, তিনি রাজ্যের মানুষের পাশে সদা সর্বদা রয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করে চলেছে তাতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। এর পাশাপাশি গ্রামের গরিব খেটে খাওয়া মানুষের আয়ের পথ একশো দিনের কাজের টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অসহায় অবস্থার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতি এবং বঞ্চনার প্রতিবাদে দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বৃহত্তর আন্দোলনের ডাক দেন সেই আবেদন নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *