জয় লাহা, দুর্গাপুর, ৩০ জুলাই: নতুন গাড়ি। আর সেই নতুন গাড়ি নিয়ে চলছিল গাঁজা পাচারের রমরমা কারবার। গাঁজা পাচার করতে এসে পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে, দুর্গাপুর বীরভানপুর এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমানে গাঁজা। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম বীরেন কর ও প্রশান্ত রক্ষিত। বাঁকুড়ার রাজগ্রামের বাসিন্দা।
ঘটনায় জানা গেছে, দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর বিসর্জন ঘাটের কাছে ওই দুই যুবক বোলেরো গাড়ি নিয়ে গাঁজা পাচার করতে আসে। গোপন সুত্রে খবর পেয়ে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ সাদা পোশাকে হানা দেয়। তাদের বোলেরো গাড়ি আসতেই গাড়িটিকে ঘিরে ফেলে। ধৃত বীরেন কর ও প্রশান্ত রক্ষিতের বাড়ি বাঁকুড়ার রাজগ্রামে। ধৃতদের কাছ থেকে প্রায় ১৬ কেজি গাঁজা ও নগদ প্রায় ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে ওড়িশা সহ বেশ কিছু রাজ্যে তারা এই বেআইনী কারবারের জাল বিছিয়েছিল।

