সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ মার্চ: সোনার গয়না, কাঁসার বাসন পরিষ্কারের নামে প্রতারণা করে পুলিশের জালে দুই প্রতারক। তালডাংরা থেকে দুই প্রতারককে গ্ৰেপ্তার করেছে পুলিশ। পুলিশি জেরায় ধৃত দু’জন তাদের দোষ স্বীকার করেছে।
আজ খাতড়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি এক সাংবাদিকদের জানান যে, গত এক সপ্তাহ ধরে তালডাংরার বিভিন্ন গ্ৰামে বাড়িতে গিয়ে মহিলাদের কাঁসার বাসন, সোনার গয়না পরিষ্কারের নামে হাত সাফাই করে সোনার গয়না পাল্টে পালিয়ে যেত। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ নাকা চেকিং শুরু করে। তারপরই সন্দেহ জনক দুই যুবককে আটক করে। পুলিশের জেরায় ধৃতরা তাদের দোষ স্বীকার করে জানায় যে তাদের লক্ষ্য সাধারণ গৃহবধূ, বয়স্ক মহিলা। বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে পুরাতন কাঁসার বাসন পরিষ্কার করে দেওয়ার আবেদন জানায়। নমুনা স্বরূপ পুরাতন বাসন চকচকে পরিষ্কার করে দেওয়ার পর তারা গয়না পরিষ্কার করে দিতে পারে বলে ফাঁদ পাতে। সরল বিশ্বাসে মহিলারা গয়না পরিষ্কার করতে দিলে জলে ডুবিয়ে রেখে হাত সাফাই করে গয়না পাল্টে জলে ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পরে গয়না পরিষ্কার হয়ে যাবে বলে তারা পালিয়ে যেত।

এই ঘটনায় পুলিশের হাতে গ্ৰেপ্তার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার নিঘাদোলির রোহিত শর্মা ও বিহারের পূর্নিয়া জেলার রামবাগ নিবাসী মিথিলেশ সাউ। আজ তাদের আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে।

