স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ নভেম্বর:
শান্তিপুর সুত্রাগড় অঞ্চলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে দুই যুবকের উপরে দুষ্কৃতী হামলা ও ছিনতাইয়ের শিকার। মদ খাওয়ার টাকা দিতে রাজি না হওয়ায় মারধর করে তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
শান্তিপুর গোভাগাড় এলাকার যুবক সাগর দাসের অভিযোগ গতকাল রাতে শান্তিপুর সুত্রাগড় অঞ্চলে তার এক বন্ধুকে সাথে নিয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যান। সুত্রাগড় লংকাপুকুর এলাকায় হঠাৎই বেশ কিছু দুষ্কৃতী তাদের আটকে মদ খাওয়ার টাকা চায়। সাগর দাস দিতে রাজি না হওয়াতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। তার বন্ধু ঠেকাতে এলে তাকেও মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয় সাগর দাস এর গলা থেকে রুপোর চেন তার বন্ধুর পকেট থেকে নগদ টাকা ছিনতাই করে নেয় দুষ্কৃতীরা।
সাগর দাস চেঁচামেচি করতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গতকাল রাতের এই ঘটনায় সোমবার শান্তিপুর থানা দ্বারস্থ হয় আক্রান্ত সাগর দাস ও তার বন্ধু। শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

