অসুস্থ বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতলে পাঠালেন দাঁতনের দুই যুবক

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ অক্টোবর: জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করে নতুন বস্ত্র পরিয়ে হাসপাতলে ভর্তি করে মানবিকতার নজির গড়লেন দাঁতনের দুই যুবক লক্ষ্মণ সরেন ও দেবদুলাল মিশ্র। পুজোর সময় দাঁতনের ৬০ নং জাতীয় সড়কের ঝিনুক পলাশিয়া এলাকায় ওভারব্রিজের নীচে এক অসুস্থ বৃদ্ধাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। অসুস্থ অবস্থায় তাকে কেউ বা কারা ছেড়ে চলে যান। বেশ কয়েকদিন ধরে সেই এলাকা দিয়ে মানুষজন যাতায়াত করলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। বুধবার সকালে এলাকার দুই যুবক লক্ষ্মণ সরেন ও দেবদুলাল মিশ্র তাকে উদ্ধার করার পর নতুন পোশাক পরিয়ে একটি টোটোয় করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

লক্ষণ সরেন বলেন, ওই অসুস্থ বয়স্ক মহিলাকে জাতীয় সড়কের নিচে ছেড়ে যাওয়ার খবর পাওয়ার পর আমরা তাকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে আসি। হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক অভিষেক কুণ্ডু জানিয়েছেন,  ওই বয়স্ক মহিলার রক্ত পরীক্ষা সহ  প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো  হবে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে অন্যত্র স্থানান্তরিত করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *