ডোমজুড়ে কুয়ো খনন করতে গিয়ে মৃত্যু দুই শ্রমিকের

আমাদের ভারত, হাওড়া, ৩০ জানুয়ারি: কুয়ো খনন করার সময় মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মৃত দুই শ্রমিকের নাম নিমাই পন্ডিত (৫০) ও বাবলু পন্ডিত (৪০)। বাড়ি ডোমজুড় থানার মহিষগোড় পন্ডিতপাড়ায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ডোমজুড় থানার উত্তর ঝাপড়দহ গ্রামের সত্যপীরতলায়। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

জানাগেছে, শনিবার দুপুরে সত্যপীরতলার বাসিন্দা সিরাজ খাঁ’য়ের বাড়িতে কুয়ো খননের জন্য ৫ জন শ্রমিক আসে। সূত্রের খবর, কুয়ো খননের কিছুক্ষণের মধ্যেই কুয়োর নীচে জলে ভর্তি হয়ে যায় এবং মাটি ধসে পড়তে থাকে।

স্থানীয় সূত্রে খবর, এরই মাঝে সতর্কভাবে শ্রমিকরা কাজ করার ফাঁকে আচমকা নিমাই পন্ডিত কুয়োর মধ্যে পড়ে যায়। এদিকে নিমাই পন্ডিতের চিৎকারে বাবলু পন্ডিত ছুটে এসে তাকে বাঁচাতে এলে সেও গর্তে পড়ে যায়। এবং দুজনেই মাটির নিচে চাপা পড়ে যায়।

এদিকে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রাথমিক ভাবে উদ্ধারের চেষ্টা করলেও তারা বিফল হয়। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা দুয়েকের চেষ্টায় দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *