সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুলাই: বৃহস্পতিবার দুপুরে হঠাৎ প্রবল বৃষ্টি সহ বজ্রপাতের জেরে মৃত্যু হল দুই গৃহবধূর। এদিন প্রথম ঘটনাটি ঘটে পুরুলিয়ার কেন্দা থানার পীড়রা গ্রামে। এদিন পীড়রা গ্রামের কাছে মাঠে ধানের চারা রোপনের কাজ করতে যান গোপিনাথপুর গ্রামের বাসিন্দা কনকলতা বাস্কে (২৩)। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় ওই গৃহবধূর।

অন্যদিকে, আরেকটি ঘটনায় বজ্রাঘাতে মৃত্যু হয় আরও এক গৃহবধূর। মৃতার নাম শিবানী গড়াই(৪০)। বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার নদীয়াড়া গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গ্রামে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

