আমাদের ভারত পূর্ব মেদিনীপুর, ৪ মার্চ: দিঘা- নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুই মহিলা শ্রমিকের। আহত হয়েছেন অটো চালকসহ আরও নয়জন। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে দিঘা- নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই তেলিপুকুরের মাঝখানে। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের মৃত্যু হলেও বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকে মারধর করে ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মৃত এক মহিলা পদ্মাবতী মহড়া (৪৭)। তার বাড়ি মারিশদা থানার পশ্চিম কামারদা গ্রামে। বাকি আহতদের বাড়ি মারিশদা থানা এলাকায়। মৃত আরও একজনের পরিচয় জানা যায়নি।
সূত্রের খবর, মারিশদা থানার কামারদা থেকে একটি অটোতে করে চুল কারখানায় কাজে আসছিল ৯ জন মহিলা শ্রমিক। সকালে দিঘা- নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই তেলিপুকুরের মাঝখানে অটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হন। পাশাপাশি অটোর চালকও গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অটোচালক সহ বেশ কয়েকজনকে উদ্ধার করে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার জেরে উত্তেজিত জনতা পথ অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মারধর করে পুলিশ কর্মীদের। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।

