স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ জুলাই:
দত্তক নেওয়া এক বালককে দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক নির্যাতন করার অভিযোগ দুই মহিলার বিরুদ্ধে। প্রতিবেশীরা এর প্রতিবাদ করলে অকথ্য ভাষায় তাঁদের গালিগালাজ করত। অবশেষে খবর পেয়ে চাইল্ড লাইনের প্রতিনিধি দল পুলিশের সাহায্যে ওই বালককে উদ্ধার করে নিয়ে যায়। নদীয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর বাবলাবন এলাকার ঘটনা।
জানা গেছে,শান্তিপুর থানার বাবলাবন এলাকার বাসিন্দা রুমা মজুমদার এবং কল্পনা মজুমদার দুই বোন একটি বালককে দত্তক নেয়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই শিশুটির উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত ওই দুই মহিলা। এছাড়া তাকে অস্বাস্থ্যকর ঘরে রাখা হতো। প্রতিবাদ করলেই প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতো ওই দুই মহিলা। দু’দিন আগে বৃষ্টির মধ্যে সারারাত তাকে বাইরে দাঁড় করিয়ে রাখে বলে অভিযোগ।

স্থানীয়দের তরফ থেকে এর পরেই চাইল্ড লাইন দপ্তরে যোগাযোগ করা হয়। চাইল্ড লাইনের প্রতিনিধিদল শান্তিপুর পুলিশের সাহায্যে ওই বালককে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তাকে চাইল্ড লাইনের তত্ত্বাবধানে হোমে রাখা হয়েছে। পাশাপাশি পুলিশ এবং চাইল্ড লাইনের প্রতিনিধি দল তদন্ত করে দেখছে ওই বাচ্চাটিকে সে কোথা থেকে দত্তক নিয়েছিল এবং কিভাবে নিয়েছিল।

