কাঠ কুড়াতে গিয়ে বাঁকুড়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই মহিলার, আহত তিন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জুলাই: জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্ৰহ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার। জখম হয়েছেন আরও ৩ মহিলা।
আজ দুপুরে গঙ্গাজলঘাঁটি থানার তড়কাবাইদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত দুই মহিলার নাম চায়না লোহার (৬০) ও মায়া লোহার (৩৮)। আহতদের অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সুত্রে জানাগেছে, সকলেই বিপদ মুক্ত।
ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি দেবদাস বাজপাই মৃত ও জমখদের নিয়ে হাসপাতালে যান। হাসপাতালে দাঁড়িয়ে তিনি বলেন, এরা সকলেই খেতমজুর পরিবারের সদস্য। জ্বালানির জন্য কাঠ কুড়োতে স্হানীয় গ্ৰামবাসীরা জঙ্গলে যান। এদিন সকালে তড়কাবাইদ গ্রামের খেতমজুর পাড়ার ৮ মহিলা জঙ্গলে গিয়েছিলেন জ্বালানি সংগ্রহের জন্য। জঙ্গল থেকে মাথায় শুকনো কাঠের বোঝা নিয়ে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়। সঙ্গে বাজ পড়তে থাকে। গ্রামে ঢোকার কিছুটা দূরে একটি বিশাল বটগাছ রয়েছে। মহিলারা সকলেই বটগাছের তলায় আশ্রয় নেয়। সেই সময় বাজ পড়ে। ৮ জন মহিলা কাছাকাছি থাকলেও ৫ জন বজ্রাহত হন, তাদের মধ্যে ২ জন মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *