আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বর: জখম শিয়ালকে উদ্ধার করে বিপাকে পড়লো জলপাইগুড়ির দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় এক ঘণ্টা জলপাইগুড়ি বনদফতরে জখম শিয়ালকে নিয়ে দাঁড়িয়ে থাকলেও বনদফতরের কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ স্বেচ্ছাসেবী সংগঠনের। বন্যপ্রাণী রক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই ধরণের উদাসীনতা যেন আগামীতে না হয় সেই দাবি তুললেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
জানা গিয়েছে, শুক্রবার সকালে শহর লাগোয়ো ৭৩ মোড় এলাকায় একটি জখম শিয়ালকে দেখতে পান স্থানীয়রা। এরপর পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয়রা। শহরের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জখম শিয়ালটিকে উদ্ধার করে। প্রাথমিক অনুমান রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় জখম হয় শিয়ালটি। তার পিছনের পা ভেঙ্গে গিয়েছে, চলাফেরা করার শক্তি নেই। চিকিৎসা করলে এই শিয়াল সুস্থ হবে বলে আশাবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সৌরভ মণ্ডল বলেন, আমরা শিয়ালটিকে উদ্ধার করে বনদফতরে নিয়ে এসেছি চিকিৎসার জন্য। এখনও বনদফতরের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি।”
এদিকে বনদফতরের অ্যাকাউন্টেন্ট প্রদ্যুত ভট্টাচার্য বলেন, “কি করা যায় শিয়ালটির তা দেখা হচ্ছে।”
অবশেষে বনদফতরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে লাটাগুড়ির বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে শিয়ালটিকে নিয়ে যাওয়া হয়।

