প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর ঝাড়গ্রামের গোবিন্দপুর গ্রামে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জুলাই: প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। সোমবার বিকেলে ঝাড়গ্রাম ব্লকের গোবিন্দপুর গ্রামের ঘটনা। জখম দুই তৃণমূল কর্মী অজিত মাহাতো ও নরসিংহ মাহাতোকে গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’জনের বাড়ি ঝাড়গ্রাম থানার গোবিন্দপুর গ্রামে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী জন্মেজয় মাহাতোর শ্বশুর হলেন অজিত মাহাতো। এদিন মানিকপাড়া এলাকায় প্রচারে গিয়েছিলেন অজিত ও নরসিংহ। প্রচার সেরে বাড়ি ফেরার পথে গোবিন্দপুর গ্রামে আচমকা পথ আটকে দু’জনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। দু’জনকে লাঠিপেটা করার ফলে গুরুতর জখম হন। স্থানীয় তৃণমূল কর্মীরা খবর পেয়ে দু’জনকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাঁদের সিটিস্ক্যান করানোর পর ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঝাড়গ্রাম হাসপাতালে আসেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতো।

এদিন অজিত বলেন, “ভোট এগিয়ে আসছে, তাই হার নিশ্চিত বুঝে আমাদের কর্মীদের মারধর করেছে। ব্যালট বাক্সে এর জবাব মানুষ দেবে”। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *