জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ মে: মন্দারমণিতে ছুটি কাটাতে গিয়ে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে স্নান করার সময় তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবতী সহ দু’জনের। অন্য দু’জনকে কর্তব্যরত লুলিয়ারা কোনোরকমে উদ্ধার করতে পেরেছেন।
শনিবারই সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ঐদিন নিষেধাজ্ঞা অমান্য করায় এক পর্যটককে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ওল্ড দিঘার মন্দারমণিতে আট জন পর্যটক বেড়াতে এসে একটি হোটেল ভাড়া নিয়েছিলেন। বিকেলের দিকে এক যুবতীসহ কয়েকজন মোহনার কাছে সমুদ্র স্নানে নামেন। পুলিশ তাদের বার বার বাধা দিলেও তা অমান্য করে উত্তাল ঢেউয়ের দিকে অনেকটাই এগিয়ে যায়। এর পরেই জলের তোড়ে ওই যুবতীসহ তিন জন যুবক হাবুডুবু খেতে থাকেন। জলে তলিয়ে যেতে দেখে অন্যান্য পর্যটকরা চিৎকার শুরু করে দিলে স্পিড বোট নিয়ে ছুটে আসেন লুলিয়াদের দল। উত্তাল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে তাদের উদ্ধার করে বড়রাঙ্কুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের নাম সারিম সরফরাজ। তার বাড়ি কলকাতার বালিগঞ্জ এলাকায়। মৃত যুবতী সৃষ্টি গুপ্তার বাড়ি দেওঘরে বলে পুলিশ জানিয়েছে। এরা কোনও কলেজে পড়াশোনা করতো বলেই মনে করছে পুলিশ। বছর চারেক আগে এখানেই রাজ্য পুলিশের দুই কর্মী সমুদ্র স্নানে নেমে তলিয়ে গিয়েছিলেন

