জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: শুভেন্দু অধিকারীর অনুগামীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দাসপুরের তৃণমূলের এক উপপ্রধান ও এক যুব নেতা যুক্ত থাকায় দলের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। “শুভেন্দু প্রেমে আসক্ত আমরা” নামক গ্রুপের অ্যাডমিন স্বয়ং শুভেন্দু অধিকারী। সেই গ্রুপে রয়েছেন তৃণমূল পরিচালিত দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা দাসপুর এক নম্বর ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক কাজল সামন্ত। রয়েছেন দাসপুরের তৃণমূল যুব নেতা তথা তমলুক, ঘাটাল কো-অপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির সম্পাদক কৌশিক কুলভি।
বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, ওই গ্রুপ খুলে দেখা গেছে সেখানে এই দুই তৃণমূল নেতার নাম্বার রয়েছে। শুভেন্দু অধিকারী যে গ্রুপের অ্যাডমিন হিসেবে রয়েছেন সেখানে তৃণমূল নেতৃত্বের থাকাটা কাম্য নয়। বিষয়টি ব্লক ও জেলা নেতৃত্বকে জানানো হবে।
দাসপুর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি গোলাম মোর্তোজা বলেন, কাজল সামন্ত ও কৌশিক কুলভী বরাবরই শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। ব্লক কমিটির সদস্যরা তাদের বিরুদ্ধে নবান্নে যাবেন। দলনেত্রীকে জানানো হবে, তৃণমূলে থাকলেও তলায় তলায় তারা বিজেপি করেন।

