সোনা গয়না বা ধন-দৌলত নয়, বিভিন্ন গাড়ির ব্যাটারি ও যন্ত্রাংশই পছন্দ, শান্তিপুরে হাতেনাতে পাকড়াও দুই চোর শ্রীঘরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ মার্চ: শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডে মহিষখাঁগী পাড়ায় প্রায়শই চোরের আনাগোনা লক্ষ্য করেন বাসিন্দারা। কখনো সাইকেল, কখনো মোটর সাইকেল, কখনো বা চারচাকা গাড়ির ব্যাটারি বা অন্য কোনো যন্ত্রাংশ চুরি যায় মাঝে মধ্যেই। তবে চোরেদের ধন-দৌলত সোনা গয়না কোন দিকেই লোভ নেই।

গতকাল সন্ধ্যায় স্থানীয় মালতী সরকারের বাড়িতে রাখা মোটর সাইকেলের আশপাশের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে প্রতিবেশীদের ডাকতে শুরু করেন মালতি দেবী। এরপর রাস্তার উপরে রাখা একটি মোটর সাইকেলে উঠে চম্পট দিতে উদ্যত হয় ওই দুই সন্দেহভাজন যুবক। এলাকার সকলের সহযোগিতায় মোটর সাইকেলটি ধরে ফেলে এলাকাবাসীরা। এলাকাবাসীর চাপে তারা স্বীকার করে দিনের বেলায় লোহা প্লাস্টিক টিনের ভাঙ্গাচোরা এবং পুরনো বই খাতা কিনতে বেরিয়ে বাড়িতে রাখা যানবাহন কি অবস্থায় আছে তা খতিয়ে দেখে যায় তারা। এরপর সন্ধ্যেবেলায় অথবা রাতে এসে তা চুরি করে। এলাকাবাসীর চাপে স্বীকার করতে বাধ্য হয় কোথায় তা বিক্রি করে। এরপর শান্তিপুর থানায় খবর দেওয়ার পর তাদের দু’জনকে আটক করে পুলিশ, জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখছে চুরি হওয়া যানবাহনগুলি ফেরত আনা যায় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *