দিঘিতে নৌকায় করে দলবেঁধে স্নান করতে নেমে তলিয়ে ২ কিশোরের মৃত্যু, চাঞ্চল্য করণদিঘিতে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ জুন: দিঘিতে নৌকায় চেপে দলবেঁধে স্নান করতে নেমে বিপত্তি। নৌকা ডুবে গিয়ে তলিয়ে গেল ২ কিশোর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির করণ রাজার দিঘিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝে মধ্যে অনেকেই ঐ সুবিশাল দিঘিতে স্নান করতে গিয়ে নৌকায় চেপে দিঘি ভ্রমন করেন। সেই মত শনিবার দুপুরে প্রায় ৯ জন কিশোরের একটি দল নৌকায় চেপে মাঝ দিঘিতে পৌছতেই ঘটে দুর্ঘটনাটি। টাল সামলাতে না পেরে ডুবে যায় নৌকা। যার ফলে শিবারবি দাস ও অমর সিংহ নামের কামারতোড়ের বাসিন্দা ২ কিশোর তলিয়ে যায় দিঘির গভীরে। বাকিরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়।

এদিকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। প্রাথমিক ভাবে স্থানীয়রাই নিখোঁজ কিশোরদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ঘটনাস্থলে পৌছয় পুলিশ। উদ্ধারকাজ চলছে। তবে বিপজ্জনকভাবে একসাথে এতজন একটি নৌকায় চেপে দিঘিতে নামার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর প্রায় ৫ ঘন্টা বাদে দিঘিতে তল্লাশি অভিযানে নামে বিপর্যয় মোকাবিলা দল। দীর্ঘক্ষণ স্পিডবোটে করে তল্লাশি চালানো হয়। শেষমেশ সন্ধ্যেবেলা শিবারবি দাসের দেহ উদ্ধার হয়। অপরজন অর্থাৎ অমর সিংহের খোঁজে তল্লাশি জারি রয়েছে। শিবার দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *