জয় লাহা, দুর্গাপুর, ২৮ জুলাই: বন্ধ হোক ধর্ম নিয়ে লড়াই, সকলে সমাজকে ভালোবাসুক, দেশকে ভালোবাসুক, সবার জন্য খাদ্য সুরক্ষা, তার সঙ্গে কড়া হাতে প্রতিরোধ করা হোক নারী নির্যাতন ও ধর্ষণ। এসব বার্তা দিতে হালিশহর থেকে পা’য়ে হেঁটে দিল্লির পথে রওনা দিয়েছে দুই পড়ুয়া। বৃহস্পতিবার জাতীয় সড়কের পথে দুর্গাপুরে তাদের উদ্দ্যেশ্য জানাল ওই দুই পড়ুয়া।
সোমনাথ মালো ও সুরজ সিং। হালিশহরের বাসিন্দা। উচ্চমাধ্যমিক পাশ করেছে সোমনাথ। বুধবার তারা বাড়ি থেকে দিল্লির উদ্দেশ্য হেঁটে রওনা দিয়েছে। গেঞ্জীতে ভগৎ সিং রাজগুরুর মতো শহিদদের ছবি। পিঠে জাতীয় পতকা। বৃহস্পতিবার দুর্গাপুরে তাদের জিজ্ঞাসা করা হয় তাদের উদ্দেশ্য কি। সোমনাথ জানায়,” ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। করোনা আবহে ১১ শতাংশ ধর্ষণের ঘটনা বেড়েছে। অনেকে লজ্জায় পুলিশে অভিযোগ জানাতে পারে না। তাই নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধের জন্য আরও কঠোর হতে হবে সরকারকে। তার সঙ্গে ধর্ম নিয়ে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। সমাজে বিভাজন সৃষ্টি হচ্ছে। সকলে সমাজকে ভালোবাসুক, দেশকে ভালোবাসুক। দেশের জন্য সমাজের জন্য কিছু করুক। একই সঙ্গে সবার জন্য খাদ্য সুরক্ষার ব্যবস্থা করা দরকার। ভারতবর্ষকে বাইরে থেকে সুন্দর লাগলেও, ভেতরে এখন না খেয়ে ফুটপাথে ঘুমিয়ে থাকে মানুষ। তাই এসব আবেদন প্রধানমন্ত্রীর কাছে রাখতে পায়ে হেঁটে রওনা দিয়েছি। ১৫ দিনের মধ্যে দিল্লি পৌঁছাবো। আগামী ১৫ আগষ্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। সেখানে আমাদের আবেদন রাখবো।”

