পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ট্রাক থেকে সাড়ে ৯ লক্ষ টাকার ওষুধ সহ গ্রেফতার ২ পাচারকারি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ আগস্ট: প্রায় সাড়ে নয় লক্ষ টাকার ওষুধ সহ দুই বাংলাদেশি পাচারকারিকে গ্রেফতার করল বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত বাংলাদেশ পেট্রাপোল স্থলবন্দর থেকে একটি ট্রাক বাংলাদেশে যাওয়ার সময় ওষুধ সহ ট্রাক চালক ও খালসিকে গ্রেফতার করে সীমান্তের বর্ডার সিকিউরিটি ফোর্সের ১৭৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। উদ্ধার হওয়া ওষুধের বাজার মূল্য ৯,২৯,৯৪৫ টাকা। ধৃতদের নাম মহম্মদ তাবিদার রহমান, মহম্মদ রফিকুল ইসলাম। দুজনই,বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা।

বিএসএফ সূত্রের খবর, এদিন সন্ধ্যার পর বর্ডার সিকিউরিটি ফোর্সের ১৭৯ নম্বর বাহিনী আইসিপি পেট্রাপোলের (আইবি) কার্গো গেটের কাছে বাংলাদেশী ট্রাকগুলি চেকিং করছিল। তদন্তকারী দলটি সন্দেহভাজন বাংলাদেশের একটি ট্রাক আটক করে। সেই সময় ট্রাকের কেবিনের মধ্যে লুকিয়ে রাখা ওষুধের সন্ধান পায়। বৈধ কাগজপত্র ছাড়াই ওই ওষুধ ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে নিয়ে যাচ্ছিল। বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা তৎক্ষণাৎ ট্রাক চালক ও খালাসিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, ওরা বাংলাদেশী নাগরিক এবং ট্রাক চালক ও সহায়কের কাজ করে। বুধবার পণ্য আমদানি করতে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। ফেরার পথে বাপ্পা নামক এক ব্যক্তি কাছ থেকে এই ওষুধ পেয়েছিল। ওষুধগুলো বাংলাদেশের আল্লাউদ্দিনকে দেওয়ার কথা ছিল। আল্লাউদ্দিন বেনাপোল বন্দরে একটি কসমেটিকসের দোকান চালায়। ওষুধগুলো নিরাপদে সেখানে পৌঁছে দিলে ৫০০ টাকার পাবে। কিন্তু গাড়ি চেকিংয়ের সময় সীমা সুরক্ষা বাহিনীর জোয়ানরা তাদের ধরে ফেলে। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *