সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ নভেম্বর: পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই কিশোরীর। রবিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত দুই কিশোরী সম্পর্কে মাসতুতো বোন। দুই বোনের নাম মিলি বালা (৮) ও মাম্পি কর্মকার (১৩)। দুজনেই ট্যাংরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এই ঘটনায় শোকগ্রস্ত দু’জনের পরিবার।

মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বাড়ির কাছে একটি পুকুরে প্রতি দিনের মতো স্নান করতে গিয়েছিল ওই দুই বোন। ওই পুকুরে জামা কাপড় কাঁচতে গিয়েছিল মানসী কর্মকার, সেই সময় তার সঙ্গে গিয়েছিল তার বোন মাম্পি কর্মকার এবং তার মাসির মেয়ে রিমি বালা। জামা কাপড় ধোয়ার সময় প্রথমে রিমি বালা জলে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে মাম্পি কর্মকার জলে ঝাঁপিয়ে পড়ে। সাঁতার না জানায় মানসী কর্মকার তাঁর দুই বোনকে উদ্ধার করতে না পেরে চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার ৩০ মিনিট পর প্রথমে রিমি বালাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার দেড় ঘন্টা পর মাম্পি কর্মকারকে ওই পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।
এই বিষয়ে মানসী কর্মকার জানিয়েছেন, আমি পুকুরে জামা কাপড় কাঁচছিলাম সেই সময় আমার দুই বোন ডাঙ্গায় খেলা করছিল। হঠাৎই মাসির মেয়ে রিমি জলে পড়ে যায় তাকে উদ্ধার করতে গিয়ে আমার বোন মাম্পিও জলে তলিয়ে যায়। দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

যদিও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, ট্যাংরা গ্রাম পঞ্চায়েত সব রকম ভাবে এই পরিবারের পাশে থাকবে। যে কোনো রকম সহযোগিতার জন্য ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রস্তুত।

