আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ জুলাই: সাধারণ বাসিন্দাদের পর এবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল পুলিশ। ঘটনাটি ঘটে ভাটপাড়া পৌর এলাকায়।
ভাটপাড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের আটচালা বাগান রোড এলাকার ফুলুরি মোড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করল একদল দুষ্কৃতী। বুধবার গভীররাতে একদল দুষ্কৃতী ওই এলাকায় বোমাবাজি করছে বলে পুলিশের কাছে খবর যায়। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। এরপর সেখানে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি লক্ষ্য করেও বেশ কয়েকটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার ঘায়ে দুই পুলিশ কর্মী জখম হয়। বোমার ঘায়ে জখম দিপু বর্মন, সুশান্ত পোদ্দার, পীযূষ কান্তি মাঝি নামে তিনজন পুলিশ কর্মী গুরুতর আহত হন। এদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই ওই এলাকার জায়গায় জায়গায় পুলিশ পকেট বসানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানোত্তর।
এই ঘটনা ঘটানোর পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, “এখন এমন অবস্থা হয়ে গেছে যে দুষ্কৃতীরা পুলিশ কেও ভয় পাচ্ছে না। এত বেশি সাহস হয়ে গেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের যে ওরা ভাবছে পুলিশ ওদের নিয়ন্ত্রণে রয়েছে। আর যেখানে বোমা চালাচ্ছে সেখানে বিজেপি কর্মীদের বাড়ি বা দোকান লক্ষ্য করেই বোমাবাজি করছে।”
তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, “তৃণমূল কোনও দুষ্কৃতীকে দলে নেয়নি। আমরা চাই যে বা যারা এই বোমাবাজি করেছে পুলিশ তাদের খুঁজে বার করে গ্রেফতার করুক।”
প্রসঙ্গত ভোটের ফল বেরোনোর পর থেকে ভাটপাড়া ও জগদ্দল এলাকায় বোমাবাজি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বুধবার ভাটপাড়া এলাকায় একটি বন্ধ গাড়ি থেকে ৩ টি তাজা বোমা উদ্ধার করে বোম স্কোয়াড। আর এরপর এই বোমা বাজির ঘটনা বিশেষ করে পুলিশেকে লক্ষ্য করে বোমা মারার ঘটনায় আরও আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

