জামালপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত্যু সিআইডি অফিসার সহ দু’জনের, আহত এক

আমাদের ভারত, বর্ধমান, ১৯ জুলাই: ২ নং জাতীয় সড়কে ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগায় মৃত্যু হল এক পুলিশ অফিসারসহ এক সিভিক ভলান্টিয়ারের। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের আজাপুর সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কে।

পুলিশ জানিয়েছে, মৃত প্রশান্ত নন্দী ডিএসপি মর্যাদা সম্পন্ন সিআইডি অফিসার, মৃত সন্তোষ সরকার সিভিক ভলান্টিয়ার। ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক শুভঙ্কর মাঝি। বর্ধমান মেডিকেল কলেজের উইং অনাময় হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিন খবর পেয়ে হাসপাতালে যান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলার দিকে পুলিশের একটা গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় একটা ট্রেলারের সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা লাগে। ফলে গাড়িটা দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা সিআইডি অফিসার প্রশান্ত নন্দী, সিভিক ভলান্টিয়ার সন্তোষ সরকার, গাড়ির চালক শুভঙ্কর মাঝি গুরুতর আহত হন। তাদের অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রশান্ত নন্দী ও সন্তোষ সরকারকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। তিনি বলেন, দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *