আমাদের ভারত, হাওড়া, ২০ সেপ্টেম্বর: নদীতে ভেসে আসা কাঠ কুড়াতে গিয়ে এবং জলা জমিতে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। জানাগেছে, সোমবার সকালে শ্যামপুর ১ নং ব্লকের দেউলগ্রামের বাসিন্দা উত্তম দলুই (৬৩) স্ত্রীকে সঙ্গে নিয়ে রূপনারায়ণ নদীতে ভেসে আসা কাঠ কুড়াতে যান। বেশ কিছুটা ব্যাবধানে দু’জনে নদীতে কাঠ কুড়ানোর সময় আচমকা বাজ পড়লে উত্তম দলুই গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে সোমবার সকালে উলুবেড়িয়া ২ নং ব্লকের তুলসীবেড়িয়া অভিরামপুরের বাসিন্দা বাপি দেড়ে (৩০) বাড়ির পাশের জলা জমিতে মাছ ধরার সময় বাজ পড়লে সে গুরুতর আহত হয়। তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুটি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

