রাজস্ব না দেওয়ায় পাথর বোঝাই গাড়ি আটক নলহাটিতে, ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে মারধরের অভিযোগে গ্রেফতার দুই

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২১ অক্টোবর: সরকারি কাজে বাধা এবং আধিকারিককে মারধরের অভিযোগ উঠলো এক ব্যবসায়ী ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের ভূমি রাজস্ব দফতরে।ব্যবসায়ীর বাধায় আহত হন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক চিন্ময় বসাক। এই ঘটনায় দুই জনকে আটক করে নলহাটি থানার পুলিশ।

গোপন সূত্রে নলহাটি ১ নম্বর ব্লকের ভূমি রাজস্ব দফতর খবর পায়, রাজস্ব ফাঁকি দিয়ে বেশ কিছু পাথরের গাড়ি নলহাটি দিয়ে বেড়িয়ে যাচ্ছে। সেই খবর পেয়ে গতকাল সন্ধ্যায় এমভিআই ও নলহাটি থানার পুলিশ নিয়ে নলহাটি বাইপাসে চেকিং শুরু করে ভূমি দফতর। সেই সময় বেশ কয়েকটা গাড়ি পাথরের রয়্যালটি চালান দেখাতে পারেনি। সেই সব গাড়ি আটক করা হয়। তার মধ্যে মিলন শেখ নামে এক ব্যবসায়ীর গাড়ি আটক করে পুলিশ। শুক্রবার মিলন শেখ রয়্যালটি চালান নিয়ে এসে গাড়ি ছাড়ার দাবি করতে থাকেন। কিন্তু ঘটনাস্থলে বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে ফাইন দেওয়ার কথা বলেন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

মিলন শেখ সহ তার কয়েকজন অনুগামী ভূমি রাজস্ব দফতরের আধিকারিকে ধাক্কাধাক্কি করতে শুরু করেন। খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ধাক্কাধাক্কির সময় এক আধিকারিককে বাঁচাতে গেলে ভূমি রাজস্ব দফতরের অন্য এক আধিকারিককের নাকে ঘুষি মারা হয় বলে অভিযোগ। এর পরেই আহত ওই ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করানো হয়। এই ঘটনায় ভূমি রাজস্ব দফতরের ওই আধিকারিক নলহাটি থানায় অভিযোগ দায়ের করেন। নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে মিলন শেখ সহ দুই জনকে আটক করে পুলিশ।

আহত ভূমি রাজস্ব দফতরের আধিকারিক চিন্ময় বসাক বলেন, “আমরা খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানে নেমেছিলাম। রাজস্ব আদায়ের কাগজ না থাকায় বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। তাঁর মধ্যে মিলন শেখের গাড়িও ছিল। সেই সময় চালকের কাছে কোনো রাজস্ব আদায়ের কাগজ ছিল না। শুক্রবার সকালে রাজস্ব আদায়ের কাগজ দেখিয়ে বলছে গাড়ি ছেড়ে দিন। আমি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে উত্তেজিত হয়ে মারধর শুরু করে মিলন ও তার লোকজন। তাতেই আমি আঘাত প্রাপ্ত হয়েছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *