অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ জুলাই: বর্ষা নামতেই সাপের উপদ্রপ শুরু হয়েছে গোপীবল্লভপুরের বিভিন্ন এলাকায়। পর পর দু’দিন গোপীবল্লভপুরের সাপের কামড়ে এক শিশু সহ দু’জনের মৃত্যুর ঘটনা ঘটল। গতকাল অর্থাৎ মঙ্গলবার গোপীবল্লভপুরের সারিয়া গ্রামে ঘুমের ঘোরে এক শিশুকে কালাচ সাপ কামড়ানোয় তার মৃত্যু হয়েছিল। ঠিক পরের দিন অর্থাৎ বুধবার রাতে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ধড়াংরী গ্রামে সাপের কামড়ে মৃত্যু হয় এক গৃহবধূর বলে অনুমান চিকিৎসকের।
পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় ধডাংরী গ্রামের এক গৃহবধূকে গোখরো সাপে কামড়ায়। কিন্তু সাপে কাটার ঘটনাটি পরিবারের লোককে প্রথমে জানাননি ওই গৃহবধূ। পরে রাত দশটা নাগাদ অসুস্থতা বোধ করলে গৃহবধূ পরিবারের লোকজনকে সাপে কামড়ানোর কথা বলেন। তখন সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকের প্রথমিক অনুমান, সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। এরপর গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পর পর দু’দিন গোপীবল্লভপুর এলাকায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

