বেপরোয়া গাড়ির ধাক্কায় বেলিয়াতোড়ে প্রাণ গেল দু’জনের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ ডিসেম্বর: এক মদ্যপ চালকের বেপরোয়া গাড়ি চালানোয় প্রাণ হারালেন ২ জন এবং গুরুতর ভাবে জখম হন ২ জন। ঘটনাস্থলেই মারা যান ২ জন। অপর ২ ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় প্রথমে বেলিয়াতোড় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আজ সকালে বেলিয়াতোড় ডাকবাংলো মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম রামানন্দ চক্রবর্তী (৮৫) বেলিয়াতোড় ধর্মরাজ তলার বাসিন্দা ও বড়জোড়া রায় কলোনীর স্বপন মুখার্জি (৫৫)। জখম ২ জনেরই বাড়ি বেলিয়াতোড়ে। ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ।

বেলিয়াতোড় থানার এক পুলিশ কর্তা জানান, সোনামুখী দিক থেকে একটি বোলেরো চার চাকার গাড়ি বেপরোয়াভাবে এসে পরপর ৪ জনকে ধাক্কা মেরে একটি দোকানের চালা ঘরে ঢুকে যায়। সেই সময় কয়েকজন পুলিশ কর্মী ডাক বাংলো মোড়ে ট্রাফিক কন্ট্রোল করছিলেন। আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় তারাও হতচকিত হয়ে যান। পুলিশই ওই মদ্যপ চালককে ধরে ফেলে। এরপরই দেখা যায় চালক গণেশ ধল্ল ভরপেট মদ খেয়ে রয়েছে। পুলিশ তাকে ও গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। মৃত ২ জনের দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *