সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যাত্রীর। আজ ভোরে, পুরুলিয়া–বরাকর রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। নিতুড়িয়া থানার পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর রেল গেটের সামনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে রেল লাইনের ধারে।
ঘটনাস্থলে পৌঁছয় নিতুরিয়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন এক বয়স্কা এবং এক যুবকের মৃত্যু হয়। মৃতদের নাম রানি কাউর(৫৭) এবং বলবিন্দর সিং (৩১)। আহতরা হলেন জগতার সিং, রাজকুমার সিং, জগদীশ সিং। এঁদের বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জামশেদপুরের গোলমুড়ি থানা এলাকায়। একই পরিবারের তাঁরা। গাড়িটি আসানসোল থেকে টাটা যাচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত কুয়াশার পড়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই গাড়িটিতে এক শিশু সহ মোট পাঁচজন যাত্রী ছিলেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।
দুর্ঘটনাস্থল মেকাতলা গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, “এই রেল গেটের সামনে রাজ্য সড়কের একটি ভয়ানক বাঁক রয়েছে। এখানে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে মানুষ। এই জায়গাটিকে দুর্ঘটনা প্রবণ ঘোষণা করে স্পিড ব্রেকার দেওয়া দরকার।”

