বনগাঁ হাসপাতাল চত্বর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জুন: আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল বিএসএফ জওয়ান। উদ্ধার হয় একটি দেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটা দেশি বন্দুক সহ বেশ কয়েক হাজার নগদ টাকা।

শুনতেও অবাক লাগে। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতাল। আর সেইখানে এসে বিএসএফের জওয়ানরা এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। প্রশ্ন উঠেছে তাহলে বনগাঁ থানার পুলিশ কি করছিল? শুক্রবার সকালে বিএসএফ ওই দুষ্কৃতীদের বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতদের নাম অমিতাভ মিত্র ও জামাল উদ্দিন মন্ডল।

বিএসএফ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বিএসএফ জওয়ানদের কাছে গোপন সূত্রে খবর আসে বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। এরপরই বিএসএফের একটি দল হাসপাতাল চত্বরে তল্লাশি চালিয়ে অমিতাভ মিত্র ও জামাল উদ্দিন মন্ডল নামে দুই দুষ্কৃতীকে আটক করে। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি পিস্তল, দুটো ম্যাগাজিন, একটা দেশি বন্দুক, স্কুটি সহ ২৬৮০০ ভারতীয় টাকা। ওই দুই দুষ্কৃতীদের শুক্রবার বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের ১২৮ নম্বর ব্যাটালিয়ন।

বনগাঁর স্থানীয় বাসিন্দা সোমনাথ রায় বলেন, এই ঘটনার পর বোঝা যায় যে বনগাঁয় ফের ক্রাইম বাড়ছে। সেখানে পুলিশের নজরদারি কম। গভীর রাতে বনগাঁর শক্তিগড় দোলের মাঠ, মাঠ পাড়া, মাঝেরপাড়া সহ একাধিক এলাকায় গেলেই দেখা যায় দুষ্কৃতীদের দাপট। পুলিশ যদি এখন থেকে ব্যবস্থা না নেয় আগামীতে ফের বনগাঁ ভয়ঙ্ক হয়ে উঠবে বলে মনে করছেন সাধারণ মানুষ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে, বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *