ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে রামপুরহাটে ধৃত দুই দুষ্কৃতী

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৪ মার্চ: ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীকে খড়ি মাটি সরবরাহ করার নামে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হল দুই কুখ্যাত দুষ্কৃতীকে। সোমবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খন্ডের এক ব্যবসায়ীকে বীরভূম থেকে খড়ি মাটি সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়ে ফোন করে দুই দুষ্কৃতী। ২ মার্চ রামপুরহাটের মাঝখণ্ড গ্রামের কাছে ডেকে ট্রাক থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই দিনই রামপুরহাট থানায় অভিযোগ করেন ঝাড়খণ্ডের ব্যবসায়ী। রামপুরহাট থানার পুলিশ তদন্তে নেমে রবিবার মহম্মদ বাজার থানার সোঁতশাল গ্রামের ইকবাল শেখ ওরফে টিশন এবং বাবলু শেখকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত দুই দুষ্কৃতীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইকবাল শেখ ওরফে টিশনের বিরুদ্ধে মহম্মদবাজার থানা এলাকায় একটি খুনের মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *