বন্যা কবলিত আমতা ও উদয়নারায়ণপুরে দুই মন্ত্রী

আমাদের ভারত, হাওড়া, ৭ আগস্ট: শনিবার বন্যা কবলিত আমতার ২ নং ব্লক পরিদর্শন করলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। অন্যদিকে উদয়নারায়ণপুর পরিদর্শন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন দুটি ব্লকেই মন্ত্রীরা দুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

শনিবার সকালে মন্ত্রী অরূপ রায় উদয়নারায়ণপুরের ভবানীপুর ঘোষ পাড়ায় আসেন। সেখানে জলে নেমে এলাকা পরিদর্শন করার পর মানুষের হাতে ত্রান সামগ্রী ও রান্না করা খাবার তুলে দেন মন্ত্রী। পরে জেলাশাসক মুক্তা আর্য, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়দের নিয়ে বৈঠক করেন।

এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। মানুষদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বন্যা উদয়নারায়ণপুরের মানুষের কাছে অভিশাপ। মন্ত্রীর অভিযোগ, এটা প্রকৃতির কারণে বন্যা নয়, এটা মানুষের তৈরি বন্যা। এদিন তিনি অভিযোগ করেন, ডিভিসি জলাধারগুলি সংস্কার না করার ফলেই এই বন্যা। যদিও রাজ্য সরকারের উদ্যোগে ২৭০০ কোটি টাকা ব্যায়ে যে প্রকল্প হচ্ছে সেটা সম্পূর্ণ হয়ে গেলে উদয়নারায়ণপুরের মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবেন। এদিন সমবায় মন্ত্রী অরূপ রায় হাওড়া জেলা পূনর্গঠনের জন্য সমবায় দপ্তর থেকে আড়াই কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।

অন্যদিকে, এদিন দুপুরে বন্যা কবলিত আমতা ২ নং ব্লক পরিদর্শনে আসেন মন্ত্রী জাভেদ খান। এদিন তিনি আমতা ২ নং ব্লক অফিসে একটি প্রশাসনিক বৈঠক করেন। পরে আমতার বিধায়ক সুকান্ত পালকে নিয়ে বন্যা কবলিত অমরাগোড়ি গ্রাম পঞ্চায়েতের চকশালিকা গ্রাম পরিদর্শন করেন। পরে মন্ত্রী জাভেদ খান বলেন, আমতা ২ নং ব্লকের পরিস্থিতি খারাপ। তবে বিধায়ক সুকান্ত পাল এবং প্রশাসন ভালো কাজ করছে। এদিন তিনি বলেন, আমি গ্রাম ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছি। ত্রাণ নিয়ে কোন মানুষের কোনও ক্ষোভ নেই। জাভেদ খান বলেন, মানুষের চিন্তার কোনও কারণ নেই। সরকার তাদের পাশে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *