আমাদের ভারত, হাওড়া, ১২ মার্চ: রাতের অন্ধকারে নিষিদ্ধ ফেন্সিডিল পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়া থানার পুলিশ বাজারপাড়া পান আড়ৎ থেকে উলুবেড়িয়া বাহির গঙ্গারামপুরের বাসিন্দা শাহাবাজ এবং শেখ ইব্রাহিম নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে সাড়ে ৪ কেজি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়া থানার পুলিশ উলুবেড়িয়ার ওটি রোডে নাকা চেকিং করছিল। রাত সাড়ে ১০টা নাগাদ বাইকে চেপে আসা দুই দুষ্কৃতীকে পুলিশ আটকায়। পরে তাদের সঙ্গে থাকা জ্যারিকেনের তরল পদার্থ পরীক্ষা করলে জানা যায় সেটা নিষিদ্ধ ফেন্সিডিল। এরপরেই পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে।
উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু জানান, বেশ কিছুদিন ধরেই উলুবেড়িয়া শহরে নিষিদ্ধ ফেন্সিডিল পাচরের খবর আসছিল। সেইমত পুলিশ নজরদারি শুরু করেছিল। আর তারপরেই বৃহস্পতিবার দুই দুষ্কৃতীকে ধরা গেল।

