আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ মার্চ: সভামঞ্চ থেকে কড়া ভাষায় বিজেপিকে কটাক্ষ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেন, ”আগামী পার্লামেন্টে আপনার সরকার বিল আনুক একটা পরিবার থেকে একজন রাজনীতি করবে, দুজন করবে না, প্রথম ভোটটা আমি দিয়ে রাজনীতি থেকে অবসর নেব।
তিনি আরও বলেন, বাকচায় যারা ভাবছে সন্ত্রাস করব, মানুষকে চমকে ধমকে ভোট নেব, আমি এক কথার ছেলে লড়াইয়ের মাঠে থেকে অভিষেক ব্যানার্জি পালায়নি, কোনও দিন পালাবে না। পয়লা এপ্রিল কোনও কর্মসূচি রাখিনি আমি বলে যাচ্ছি কলকাতা থেকে হেলিকপ্টারে আসতে পনেরো মিনিট সময় লাগে, আপনারা সন্ত্রাস রুখে গণতান্ত্রিকভাবে ভোট দেবেন। কারো লাল চোখের কাছে আত্মসমর্পণ করবেন না।
এছাড়াও এদিনের সভায় থেকে রাজ্য সরকারের একাধিক উন্নয়নের কথা তুলে ধরেন এবং তৃণমূল সরকারকে কেন ভোট দেবেন তাও তিনি জনসাধারণকে ভালোভাবে বুঝিয়ে দেন।
পূর্ব মেদিনীপুর জেলায় ময়না বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগ্রাম কুমার দোলাইয়ের সমর্থনে ময়নায় ইজমালিচক স্কুল সংলগ্ন মাঠে আজ সভা করলেন অভিষেক ব্যানার্জি। ময়নার সভার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও দুটি সভা করেন পূর্ব মেদিনীপুর জেলায়। ময়নার পরে তিনি কোলাঘাটে সভা করেন তৃণমূল প্রার্থী বিপ্লব রায় চৌধুরীর সমর্থনে এবং তারপরের সভাটি করেন চন্ডিপুরে অভিনেতা সোহম চক্রবর্তীর সমর্থনে।

