জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: পুলিশ আধিকারিক হিসেবে প্রশংসনীয় অবদানের জন্য স্বাধীনতা দিবসে রাজ্যের দশজন পুলিশ আধিকারিককে রেড রোডের অনুষ্ঠানে সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় অন্যান্যদের সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমার এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ. কে। এদিন দুই মেদিনীপুরের পুলিশ সুপারদের চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর কমান্ডেন্স সার্ভিস পুরস্কারে ভূষিত করেন মুখ্যমন্ত্রী।
গত মঙ্গলবার রাজ্য স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের তিনজন শীর্ষ পুলিশ আধিকারিককে চিফ মিনিস্টার’স পুলিশ মডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং সাতজন আধিকারিককে চিফ মিনিস্টার’স পুলিশ মডেল ফর কমান্ডেন্স সার্ভিস পুরস্কার দেওয়ার বিষয়টি ঘোষণা করে। সেইমতো রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ. কে.(পূর্ব) ও দিনেশ কুমার (পশ্চিম)কে পুরস্কৃত করেন।

