সাথী দাস, পুরুলিয়া, ১০ জুলাই: ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কেন্দুয়াডি থানা এলাকা থেকে চুরি যাওয়া ডাম্পার উদ্ধার করল রঘুনাথপুর থানার পুলিশ। সেই সঙ্গে দুইজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃতদের নাম শেখ সম্রাট ও শেখ তাহামমূল। তাদের বাড়ি নিতুরিয়া থানার অন্তর্গত নিমডাঙ্গা ও নামো দিঘা গ্রামে।
রঘুনাথপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় ঝাড়ুখামার মোড়ে শেখ সম্রাট ও শেখ তাহামমূল একটি ডাম্পার বিক্রি করার চেষ্টা চালাচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পায় রঘুনাথপুর থানার পুলিশ। ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলে তারা। আর তখনই সন্দেহ হয় পুলিশের। তাদের থানায় নিয়ে গিয়ে জেরা করে পুলিশ। জেরায় ধৃত দুই জন জানায় আজ ভোরে কেন্দুয়াডি থেকে ওই ডাম্পারটি চুরি করে বিক্রির চেষ্টা করছিল তারা। তার পর থেকে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কেন্দুয়াডি থানার সঙ্গে তথ্য আদান প্রদান করে সত্যতা জানতে পারে রঘুনাথপুর থানার পুলিশ।

ধৃতদের আজই রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে কেন্দুয়াডি থানার পুলিশের হাতে ওই ডাম্পার ও ধৃত দুই জনকে তুলে দেয় রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশের অনুমান এর পিছনে একটি বড় আন্ত:রাজ্য পাচার চক্র রয়েছে।

