সন্দেশখালিতে তৃণমূলের মিছিলে বোমা গুলি মারধর, আহত দুই তৃণমূল নেতা হাসপাতালে ভর্তি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি: তৃণমূলের মিছিলে বোমা, গুলি কর্মীদের মারধরের ঘটনা ঘটল। মারধরে আহত দুই তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বসিরহাট মহকুমা সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের খুলনা গ্রামের ঘটনা।

ঘটনার সূত্রপাত গতকাল মঙ্গলবার রাত নটা নাগাদ। তৃণমূলের খুলনা গ্রাম পঞ্চায়েতের সদস্য রঞ্জিত দাস ও বিনন্দ মন্ডল এই দুই তৃণমূল নেতা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে এসে শূন্যে গুলি চালায় ও যথেচ্ছভাবে বোমাবাজি করে। পাশাপাশি ওই দুই নেতাকে মারধর করে বলে অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল দশটা’টা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে মিছিল বের করছিল। সেই সময় মোটরসাইকেলে কয়েকজন দুষ্কৃতী এসে তৃণমূলের মিছিল বোমাবাজি করে ও শূন্যে গুলি চালিয়ে চলে যায়, এরফলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। আতঙ্কে যে যার মত পালাতে শুরু করে, দোকান ঘাট বন্ধ হয়ে যায়। এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাস্থলে সন্দেশখালি থানার বিশাল পুলিশবাহিনী গিয়েছে। আহত দুই তৃণমূল নেতা খুলনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কুড়ি জনের নামে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এই ঘটনার সঙ্গে তাদের যোগের কথা বিজেপি নেতৃত্ব অস্বীকার করেছে। তারা বলেছে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ঘটনা। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *