অধীরের আবেদনে সাড়া, পিএম কেয়ার ফান্ড থেকে রাজ্যে দুটি হাসপাতাল গড়ছে কেন্দ্র

আমাদের ভারত, ১৬ জুন: রাজ্যের কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলেন যাতে রাজ্যে দুটি হাসপাতাল নির্মাণ করা হয় পিএম কেয়ার ফান্ড থেকে। নরেন্দ্র মোদী সেই আবেদনে সাড়া দিলেন। করোনা মোকাবিলায় পিএম কেয়ার ফান্ড থেকে বড় সহায়তা পেতে চলেছে মুর্শিদাবাদ এবং কল্যাণী।

বুধবার প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কোভিড চিকিৎসার জন্য মুর্শিদাবাদ ও কল্যাণীতে ২৫০ শয্যা বিশিষ্ট দুটি কোভিড হাসপাতাল তৈরি করতে চলেছে ডিআরডিও। এই দুটি হাসপাতালে মোট ৫০০ জন রোগী চিকিৎসা পাবেন। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর পিএম কেয়ার ফান্ড থেকে ৪১.৬২ কোটি টাকা দুটি হাসপাতালে তৈরির জন্য বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুটি হাসপাতাল ডিআরডিওর তত্ত্বাবধানে তৈরি করা হবে। দুটি হাসপাতাল গড়ে তুলতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রকের সহায়তা লাগবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের এই দুই জেলা ছাড়াও বিহার, দিল্লি, জম্মু- শ্রীনগরে এই হাসপাতাল তৈরি হবে।

তবে এই পশ্চিমবঙ্গে হাসপাতাল তৈরির পেছনে বড় উদ্যোগ রয়েছে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। মাসখানেক আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মুর্শিদাবাদের করোনা পরিস্থিতি সামাল দেওয়ার আবেদন জানান তিনি। চিঠিতে তিনি লিখেছিলেন, ৫০০ শয্যার একটি অস্থায়ী ডিআরডিও কোভিড হাসপাতাল তৈরি করা হোক। একই সাথে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটি মেডিকেল অক্সিজেন কনসেনট্রেটেড প্ল্যান্ট বসানোর দাবি জানান তিনি। সেই দাবিই পূরণ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *