শান্তিপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ এপ্রিল: ইউটিউব ভিডিও করতে এসে গঙ্গার জলে স্নান করতে নেমে একইসাথে জলে তলিয়ে গেল দুই যুবক ঘটনায় তীব্র চাঞ্চল্য।

জানা গেছে, শান্তিপুর দু’নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাগচীর বাগান এলাকা থেকে চার বন্ধু একটি বাইকে করে শান্তিপুর স্টিমারঘাটে গান্ধীর ঘাটে ইউটিউব ভিডিও করবে বলে আসে। এরপরই চার বন্ধু একই সাথে গঙ্গায় নামে স্নান করতে। স্নান করতে করতেই একই সাথে দুই বন্ধু হঠাৎ জলে তলিয়ে যায়। জানা যায় জলে তলিয়ে যাওয়া দুই যুবকের নাম আকাশ সরকার ও রোহন বিশ্বাস দুজনেরই বয়স ১৮ বছর। প্রত্যক্ষদর্শী তার দুই বন্ধু জানায়, জলে তলিয়ে যাওয়া দুই যুবক এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। স্বভাবতই একই সাথে দুই যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গঙ্গার ঘাট এলাকায়।

ছবি: শোকাহত দুই বন্ধু।

খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এরপর কিভাবে ওই দুই যুবক জলে তলিয়ে গেল তা জানার চেষ্টা করে। গঙ্গার ঘাট সংলগ্ন প্রতিবেশীদের দাবি, এই গঙ্গার ঘাটে প্রায়ই জলে তলিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। গঙ্গাস্নান করার ঘাটটির পরিকাঠামো ঠিকঠাক না থাকায় ঘটছে দুর্ঘটনা। গঙ্গার ঘাটে বড় বড় গর্ত রয়েছে, অনেকেই সাঁতার জানেন না, কিন্তু স্নান করতে নেমে ওই গর্তের কারণে ঘটে দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *