আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ মে: এক কিশোরের আস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শ্যামনগরের বাসুদেবপুর থানার অন্তর্গত কাউগাছি চন্ডীতলা চারা বাগান এলাকায়। মৃতের নাম সুদীপ টিকাদার (১৯)। পড়াশোনা ছেড়ে মার্বেলের কাজ শিখছিল সুদীপ। মঙ্গলবার সকালে বাড়ির কিছুটা দূরে একটি বড় আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় প্রাতঃভ্রমণকারীরা। এই মর্মান্তিক ঘটনা দেখে স্থানীয়রা মৃতের বাড়িতে খবর দেন। মৃতের পরিবারের লোক এই ঘটনা জেনে কান্নায় ভেঙে পড়ে।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সূত্রের খবর, সোমবার রাতে বন্ধু রাজু রায়ের বাড়িতে তাঁর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল সুদীপ। রাজু সুদীপের বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে সে পরদিন সকালে বাড়ি যাবে। তাই পর দিন সুদীপের মৃতদেহ উদ্ধার হওয়ায় তাদের অভিযোগ, সুদীপকে ওর বন্ধুরা খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। কারণ সুদীপের সাথে তার বাড়ির লোকের কোনো সমস্যা ছিলো না। তাই সে আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে।

সূত্রের খবর, গতকাল গভীর রাত পর্যন্ত সুদীপ তার বন্ধু রাজু রায় ও টিক্কা বিশ্বাসের সাথে মদ্যপান করেছিল। আজ কাকভোরে স্থানীয় বাসিন্দারা বুড়ির বাগানের আম গাছের ডালে সুদীপের ঝুলন্ত মৃতদেহ মেলে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমে মৃতের দুই বন্ধু রাজু রায় ও টিক্কাকে আটক করে জিজ্ঞেসাবাদ শুরু করেছে।

