পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: মেদিনীপুরে ধর্মার দিক থেকে খড়্গপুরের দিকে যাওয়ার সময় বাইক সহ আটক ২ জন ভিন রাজ্যের দুষ্কৃতি। ধৃতদের কাছ থেকে ভিন রাজ্যের একাধিক নকল নম্বর প্লেট, ৩টি মোবাইল, সোনার গয়না এবং ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে।

মেদিনীপুরের বীরেন্দ্র সেতুতে চলছে লোড টেস্টিংয়ের কাজ। বন্ধ রয়েছে সেতুর উপর চলাচল। রয়েছে ব্যারিকেড ও পুলিশি প্রহরা। পুলিশ সূত্রে জানাগিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ ৬০নং জাতীয় সড়ক ধরে তীব্র গতিতে বাইকে করে দুই জন যুবক ধর্মার দিক থেকে খড়্গপুরের দিকে যাওয়ার সময় বীরেন্দ্র সেতুর ব্যারিকেডে আটক হয়। তাদের প্রতি প্রহরারত পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। চলে তল্লাশি। আর তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ভিন রাজ্যের একাধিক নকল নম্বর প্লেট, ৩টি মোবাইল, সোনার গয়না এবং ৬০ হাজার টাকা। এছাড়াও উদ্ধার হয় একাধিক বাইকের চাবি, বিভিন্ন ধরনের রেঞ্জ ও স্ক্রু ড্রাইভার।
পুলিশ রঙ্গ প্রধান ও করণ রাও নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের অনুমান, ধৃতরা আর্ন্তরাজ্য বাইক চুরি ও পাচারের সঙ্গে যুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

