জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জানুয়ারি: প্ল্যাটফর্ম থেকে ট্রেনের তলায় পড়ে যাওয়া এক বৃদ্ধের প্রাণ বাঁচালেন মেদিনীপুর স্টেশনের আরপিএফ বাহিনীর দুই মহিলা কনস্টেবল। দুর্ঘটনা থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের নাম আত্মারাম নামদেও বর্দে। মেদিনীপুর স্টেশনে তাকে প্রাণে বাঁচান সাউথ ইস্টার্ন রেলের আরপিএফ আইজি’র উদ্যোগে গঠিত মহিলা বাহিনী “মাই সহেলি”র দুই লেডি কনস্টেবল সুপ্রিয়া গড়াই ও শোভা সিং।

আরপিএফ সূত্রে জানা গেছে, শনিবার রাত ২.৪৪ মিনিট নাগাদ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনটি মেদিনীপুর স্টেশন ছেড়ে যাওয়ার সময় পুরুলিয়া যাওয়ার জন্য দু’নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে উঠতে গিয়ে মাথা ঘুরে ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকা অংশে পড়ে যান ওই যাত্রী। সেই সময় মেদিনীপুর স্টেশনের প্ল্যাটফর্মে কর্তব্যরত ওই তুই মহিলা পুলিশ কর্মী ঘটনাটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওই বৃদ্ধ যাত্রীকে প্ল্যাটফর্মের ওই বিপজ্জনক অংশ থেকে টেনে তোলেন। অল্পের জন্য ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পান ৫৫ বছর বয়সী আত্মারাম নামদেও বর্দে।

