সাথী দাস, পুরুলিয়া, ২ আগস্ট: ৫ টি বৈধ পাথর খনি পুরুলিয়া জেলায় বন্ধ রয়েছে টানা ১০ মাস। এই পরিস্থিতিতে সরকারি কোষাগারে ফাঁকি দিয়ে পাচার হচ্ছে কোটি টাকার খনিজ সম্পদ। এমনই অভিযোগ রয়েছে স্থানীয়দের। আর এই কাজে যুক্ত কিছু অসাধু ব্যক্তি ও পাথর মাফিয়া। অবৈধভাবে পাথর বোঝাই হচ্ছিল কেন্দা থানা এলাকায়। চাপে পড়ে সাদা পাথর বোঝাই দুটি ডাম্পার ও মাটি খোঁড়া গাড়ি আটক করল পুলিশ।

যদিও পুলিশের দাবি, স্থানীয় পুঞ্চা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের নির্দেশে আটক করা হয় সাদা পাথর বোঝাই লরি ও মাটি কাটার গাড়ি। জানাগিয়েছে, আটক হওয়া দুটি ডাম্পারের মধ্যে একটির ট্যাক্সের বৈধতা চলতি বছরের ১১ মার্চের পর শেষ হয়ে গেছে। ওই অবস্থাতে ওই ডাম্পারটিতে পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে সংশ্লিষ্ট বন দফতর, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের পরোক্ষ মদতে চলছে এই ধরনের কারবার। গোটা ব্যাপারটিতে কারবারিদের সঙ্গে একটা সমঝোতা হয়ে যাওয়ায় কোনও কেস হয় না বলে অভিযোগ। সিংহভাগ ক্ষেত্রেই ‘ফাইন’ দিয়ে মিটে যায় বিষয়টি।

জানা গিয়েছে, এই ক্ষেত্রে দুর্গাপুরের কোনও ব্যবসায়ীর ওই কারবার চলছিল। জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক ব্যাপারটি জানতে পেরে বিভাগীয় তদন্তের আশ্বাস দেন।

